শিক্ষিকার চড়ে কালা হয়ে গেল ছাত্র!

নয়াদিল্লি: স্কুলে এক শিক্ষিকার মারে কিছুদিন আগে সরে গিয়েছিল কাঁধের হাড়। এবার তাঁরই চড়ে ডান কানে শোনার ক্ষমতাও হারাল তৃতীয় শ্রেণির এক ছাত্র। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে দিল্লির ভাই পরমানন্দ বিদ্যামন্দিরে। গত কয়েক সপ্তাহ ধরে শিশুটি বাড়িতেই আছে। তার চিকিৎসা চলছে।

জখম শিশুটির মা বলেছেন, 'এক বছর আগে স্কুলে অঙ্কের শিক্ষিকার মারের ফলে আমার ছেলের কাঁধের হাড় সরে যায়। আমরা তখন পুলিশে অভিযোগ করি। সেই রাগে স্কুলে ওকে বেশ কয়েকবার মারা হয়। এর ফলেই ওর ডান কানের পর্দা বরাবরের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমি চাই, ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হোক। সিসিটিভি ফুটেজ দেখলেই পুলিশ গোটা ঘটনার কথা জানতে পারবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।'

ওই স্কুলের প্রধান শিক্ষক অজয় পাল সিংহ বলেছেন, 'সংশ্লিষ্ট শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। স্কুলের অভ্যন্তরীণ কমিটিকেও বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।'